নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুরে নিজের ১৫ বছর বয়সী মেয়েকে ধর্ষণের দায়ে পিতা মো. রিপন হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল, গাজীপুর মহানগরের বিচারক মো. আবুবক্কর সিদ্দিক বৃহস্পতিবার (২৩ জুলাই) জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের সরকারি আইনজীবী (পিপি) মোছাম্মৎ সেলিনা বেগম এবং আসামি পক্ষের আইনজীবী মো. সোহেল জামিন সরকারসহ অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।
রিপন হোসেন ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার পুরাতন দোহারো খুলুমবাড়ি এলাকার বাসিন্দা। তিনি স্ত্রী মোসা. জোসনা বেগম (৩৯) ও মেয়েকে নিয়ে গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন মাধবপুরের বরিশালের টেক এলাকায় বসবাস করতেন।
গত বছরের ২৬ মার্চ রাত ১০টার দিকে স্ত্রী ও মেয়ে ঘুমিয়ে পড়লে রিপন হোসেন জোরপূর্বক মেয়েকে ধর্ষণ করেন বলে অভিযোগ। এ ঘটনায় ভিকটিমের মা জোসনা বেগম কাশিমপুর থানায় মেয়ের পিতাকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।
কাশিমপুর থানার এসআই রোকন মিয়া তদন্ত শেষে গত ৩০ সেপ্টেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত গত ১১ মে চার্জ গঠন করেন এবং সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। চার্জ গঠনের মাত্র দুই মাসের মাথায় বিচারক রায় ঘোষণা করলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোছাম্মৎ সেলিনা বেগম বলেন, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত সঠিক রায় দিয়েছেন।
আসামি পক্ষের আইনজীবী মো. সোহেল জামিন সরকার বলেন, সাক্ষীদের মধ্যে অমিল রয়েছে। তবুও আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। লিগ্যাল এইডের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত আইনজীবী হিসেবে এ রায়ে তিনি সংক্ষুব্ধ।

