মনিরামপুর (যশোর) প্রতিনিধি
টানা ভারী বর্ষণে যশোরের মনিরামপুর উপজেলার একাধিক গুরুত্বপূর্ণ সংযোগ সড়কে ধস দেখা দিয়েছে। এতে সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন। দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
জানা গেছে, উপজেলার ব্যস্ততম সংযোগ সড়কগুলোর একটি পারখাজুরা সড়কের মাঝ বরাবর বড় ধরনের ধস সৃষ্টি হয়েছে। বিকল্প পথ না থাকায় পথচারীরা সড়কের পাশের কর্দমাক্ত ও পিচ্ছিল অংশ দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন।
স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম জানান, ভারী বর্ষণের সময় রাস্তার পাশের একটি গাছ উপড়ে পড়ে সড়কটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পারখাজুরা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সোহান ও সাহেদুল ইসলাম জানায়, প্রতিদিন কাদা ও ঝুঁকিপূর্ণ পথ পেরিয়ে বিদ্যালয়ে যেতে হচ্ছে।
অন্যদিকে, মনিরামপুর-খানপুর সংযোগ সড়কের খামারবাড়ি সেতুর একপাশ ধসে গিয়ে মারাত্মক ঝুঁকির সৃষ্টি হয়েছে। স্থানীয় জাকির হোসেন খানের আশঙ্কা, আবারও ভারী বৃষ্টি হলে সেতুটি সম্পূর্ণ ধসে যেতে পারে।
এ ছাড়া মনিরামপুর-মথুরাপুর সংযোগ সড়কের মসজিদসংলগ্ন অংশের একপাশ ধসে পাশের পুকুরে পড়ে গেছে, ফলে ওই সড়কেও নিরাপদ চলাচল ব্যাহত হচ্ছে।
সড়কগুলোর বেহাল অবস্থার খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টুসহ স্থানীয় নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। তবে এখনো দৃশ্যমান সংস্কারকাজ শুরু না হওয়ায় ইমদাদুল ইসলাম, জামশেদ হোসেন, আকরাম হোসেন, জয়দেব কুমারসহ স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মো. ইয়াকুব আলী বলেন, “ক্ষতিগ্রস্ত সড়কগুলোর মেরামতের জন্য প্রয়োজনীয় প্রস্তাবনা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই দ্রুত সংস্কারকাজ শুরু করা হবে।”

