Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৩ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনির শ্রীউলায় ১২ কিলোমিটার কাঁচা সড়কে চরম দুর্ভোগ, দ্রুত পাকাকরণের দাবি

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি 
জুলাই ২৩, ২০২৬ ৯:০১ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি 

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের বাশতলা ব্রিজ-ঘোলা খেয়াঘাট-ওয়াপদা হয়ে কাকড়াবুনিয়া জিপিএস পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ কাঁচা সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল অবস্থায় রয়েছে। বর্ষা মৌসুমে সড়কটি কর্দমাক্ত হয়ে কার্যত চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় পাঁচটি গ্রামের হাজারো মানুষকে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয়রা জানান, রোড আইডি-২৮৭০৪৪১৬২-এর আওতাধীন সড়কটি শ্রীউলা ইউনিয়নের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ। কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবী ও সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াত এই সড়কের ওপর নির্ভরশীল। কিন্তু দীর্ঘদিন ধরে উন্নয়ন না হওয়ায় সামান্য বৃষ্টিতেই সড়কজুড়ে কাদা জমে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। এতে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। জরুরি রোগীদের হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়ে।

এলাকাবাসীর দাবি, সড়কটি পাকাকরণ হলে যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি কৃষিপণ্য দ্রুত বাজারজাতকরণ, শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত এবং এলাকার সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে। তাদের অভিযোগ, অতীতে কাগজে-কলমে উন্নয়নের কথা বলা হলেও শ্রীউলা ইউনিয়নের গুরুত্বপূর্ণ ছয়টি সড়কের প্রায় ৩৫ কিলোমিটার এখনো কাঁচা রয়ে গেছে।

শ্রীউলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাওলানা লুৎফর রহমান বলেন, “এটি শ্রীউলা ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি। সড়কটির পাশে চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি ফাজিল মাদ্রাসা, আটটি মসজিদ, তিনটি খেয়াঘাট এবং ৫০ থেকে ৬০টি মুরগির খামার রয়েছে। জনস্বার্থ বিবেচনায় সড়কটি দ্রুত পাকাকরণে মাননীয় সংসদ সদস্যের কার্যকর উদ্যোগ প্রত্যাশা করছি।”

শ্রীউলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দীপঙ্কর বাছাড় দিপু বলেন, “সড়কটি পাকা হলে হাজারো মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে। দ্রুত বাস্তবায়নে সংসদ সদস্য ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।”

দীর্ঘদিনের এই জনদুর্ভোগ নিরসনে সড়কটি অগ্রাধিকার ভিত্তিতে পাকাকরণের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী। তাদের প্রত্যাশা, সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের উদ্যোগে সড়কটি পাকাকরণ হলে শ্রীউলা ইউনিয়নের দীর্ঘদিনের যোগাযোগ সংকটের স্থায়ী সমাধান হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।