দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ ৮ জনকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তা প্রতিহত করেছে।
শুক্রবার (২৪ জুলাই) ভোর সোয়া ৫টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের জয়পুর সীমান্তে এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা গেছে, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর আওতাধীন জয়পুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫২/১-এস সংলগ্ন এলাকায় ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের চর মেঘনা ক্যাম্পের সদস্যরা নারী-পুরুষসহ ৮ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে মাথাভাঙ্গা নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে।
খবর পেয়ে জয়পুর বিওপির বিজিবির টহল দল ঘটনাস্থলে গিয়ে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। বিজিবির কঠোর অবস্থানের মুখে ওই ব্যক্তিরা নদীপথেই পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হন।
বিজিবি জানিয়েছে, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত আইন লঙ্ঘনের চেষ্টা প্রতিরোধে তারা সর্বদা সতর্ক রয়েছে। একই সঙ্গে সীমান্তের নিরাপত্তা নিশ্চিত ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

