Nabadhara
ঢাকাশুক্রবার , ২৪ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আলফাডাঙ্গায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
জুলাই ২৪, ২০২৬ ২:২৩ অপরাহ্ণ
Link Copied!

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা-২০২৬ উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উল্টো রথ (পুনর্যাত্রা) অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) সকাল ১১টায় উপজেলা কেন্দ্রীয় শ্রীশ্রী হরি মন্দির প্রাঙ্গণ থেকে সুসজ্জিত রথটি যাত্রা শুরু করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। রথযাত্রায় শত শত ভক্ত রশি টেনে অংশ নেন। এ সময় ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

রথযাত্রা উপলক্ষে সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে পূজা-অর্চনা, কীর্তন, ধর্মীয় আলোচনা এবং ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণের আয়োজন করা হয়। নারী, পুরুষ ও শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে।

উপজেলা কেন্দ্রীয় শ্রীশ্রী হরি মন্দিরের সাধারণ সম্পাদক শ্রী প্রবীর কুমার বিশ্বাস বলেন, রথযাত্রা উপলক্ষে ধারাবাহিক ধর্মীয় অনুষ্ঠান ও মহাপ্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে। ভক্তদের ব্যাপক উপস্থিতি উৎসবকে আরও আনন্দমুখর করেছে।

মন্দির কমিটির সভাপতি শ্রী নিত্য গোপাল মণ্ডল বলেন, প্রতি বছরের মতো এবারও শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে রথযাত্রা ও পুনর্যাত্রা সম্পন্ন হয়েছে। এ আয়োজন সফল করতে প্রশাসন ও ভক্তদের সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় রথযাত্রা উদযাপন কমিটির আহ্বায়ক শ্রী রনেন্দু বিশ্বাস, উপদেষ্টা কার্তিক চন্দ্র দাস, ডা. সুমন রায়, মন্দির কমিটির নেতৃবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উৎসবকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।