দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নে সামিরুল শাহ (৬০) নামে এক চা বিক্রেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৪ জুলাই) সকালে সীমান্তসংলগ্ন ধর্মদহ গ্রামের একটি মাঠের পাশের বাঁশের মাচা থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সামিরুল শাহ আদাবাড়িয়া ইউনিয়নের তেকালা পশ্চিমপাড়া গ্রামের মৃত বিশারদ শাহের ছেলে। তিনি পেশায় চা বিক্রেতা ছিলেন। পরিবার জানায়, তিনি দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী মেহেরপুর জেলার গাংনী উপজেলা থেকে এসে তেকালা এলাকায় বসবাস করছিলেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে সামিরুল শাহ তার দুই শ্যালক ও ছেলেকে নিয়ে বড়গাংদিয়া ইউনিয়ন পরিষদে একটি কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথে তারাগুনিয়া থানা মোড়ে একই এলাকার মুন্টু (৫০) নামে এক ব্যক্তি ফোন করে তাকে দেখা করতে বলেন। এরপর সামিরুল শাহ পরিবারের সদস্যদের বাড়ি যেতে বলে সেখানে থেকে যান। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
নিহতের বড় ছেলে আবু সাঈদ জানান, সন্ধ্যা ও রাতে মুন্টুর কাছে তার বাবার খোঁজ জানতে চাইলেও তিনি কোনো সন্তোষজনক তথ্য দিতে পারেননি। শুক্রবার সকালে স্থানীয়দের মাধ্যমে তারা জানতে পারেন, ধর্মদহ গ্রামের রাস্তার পাশের একটি বাঁশের মাচায় তার বাবার মরদেহ পড়ে রয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের শরীর ও মুখে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, “সামিরুল শাহ নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে। ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

