Nabadhara
ঢাকাশুক্রবার , ২৪ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আন্তঃকলেজ সাংস্কৃতিক প্রতিযোগিতা: নিবন্ধনের আগে কলেজগুলোকে বাছাই সম্পন্নের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
জুলাই ২৪, ২০২৬ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘আন্তঃকলেজ সাংস্কৃতিক, বিতর্ক ও ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’-এ অংশগ্রহণের জন্য অধিভুক্ত কলেজগুলোকে নিবন্ধনের আগে নিজস্ব বাছাই কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগ্রহী শিক্ষার্থীদের মধ্য থেকে বাছাইয়ের মাধ্যমে একক ইভেন্টের জন্য একজন এবং দলীয় ইভেন্টের জন্য নির্ধারিত সংখ্যক প্রতিযোগী নির্বাচন করতে হবে। এরপর জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অনলাইন পোর্টালে কলেজ লগইনের মাধ্যমে শিক্ষার্থীদের তথ্য নিবন্ধন করতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় জানায়, বর্তমান সরকারের ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ ও সুস্থ বিনোদনের লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতার অনলাইন নিবন্ধন গত ১২ জুলাই শুরু হয়েছে এবং আগামী ৩০ জুলাই পর্যন্ত চলবে। একই সময় পর্যন্ত বিভাগীয় পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষক প্রতিনিধিদের নিবন্ধনও চলবে।

দেশব্যাপী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর স্নাতক (পাস ও সম্মান) এবং স্নাতকোত্তর পর্যায়ের নিয়মিত শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। আগ্রহীদের নিজ নিজ কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

এছাড়া জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা আয়োজনের জন্য আর্থিক বরাদ্দ পেতে ভেন্যু কলেজগুলোকে sports.nu.ac.bd-এ কলেজ লগইনের মাধ্যমে College Bank Details লিংকে প্রবেশ করে ৩০ জুলাইয়ের মধ্যে ব্যাংক হিসাবের তথ্য জমা দিতে হবে।

সূচি অনুযায়ী, ১ থেকে ৬ আগস্ট ফিক্সচার প্রস্তুত করা হবে এবং ৭ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত জেলা পর্যায়ের সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিভাগীয় ও চূড়ান্ত পর্বের সময়সূচি পরে ঘোষণা করা হবে।

একক সাংস্কৃতিক ইভেন্টের মধ্যে রয়েছে দেশাত্মবোধক গান, নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, আধুনিক গান, লোকগীতি, আবৃত্তি, অভিনয়, নৃত্য ও উপস্থিত বক্তৃতা। দলীয় ইভেন্টে রয়েছে গণসংগীত, সৃজনশীল নৃত্য ও বিতর্ক।

জাতীয় বিশ্ববিদ্যালয় জানায়, জেলা পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। জেলা পর্যায়ের বিজয়ীদের নিয়ে ২৩ আগস্ট থেকে ১০ অক্টোবর পর্যন্ত বিভাগীয় পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

ক্রীড়া প্রতিযোগিতায় অ্যাথলেটিক্স, দাবা, সাঁতার, বাস্কেটবল, ক্যারাম, হ্যান্ডবল, হকি, ব্যাডমিন্টন, কাবাডি, ফুটবল, টেবিল টেনিস, ভলিবল ও ক্রিকেটসহ বিভিন্ন ইভেন্ট রাখা হয়েছে।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময়সূচি পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।