তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার তালা উপজেলায় একই দিনে পৃথক অভিযানে দুইটি বাল্যবিবাহ বন্ধ করেছে উপজেলা প্রশাসন। এ সময় এক নাবালিকার বিয়ের আয়োজনের দায়ে তার বাবাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং উভয় পরিবারের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে উপজেলার খলিষখালী ও মাগুরা ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত খান।
জানা যায়, খলিষখালী ইউনিয়নের এনায়েতপুর গ্রামের আবুল হোসেন তার নাবালিকা মেয়ের বিয়ের আয়োজন করলে প্রশাসন ঘটনাস্থলে গিয়ে বাল্যবিবাহ বন্ধ করে দেয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৫ হাজার টাকা জরিমানা করেন। তিনি তাৎক্ষণিক জরিমানার অর্থ পরিশোধ করেন এবং মেয়ের প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার অঙ্গীকার করে মুচলেকা দেন।
একই দিনে উপজেলার মাগুরা ইউনিয়নের চাঁদকাটী গ্রামেও আরেকটি বাল্যবিবাহের আয়োজনের খবর পেয়ে প্রশাসন সেখানে অভিযান চালিয়ে বিয়ে বন্ধ করে দেয়। এ ঘটনায় মেয়ের পরিবারের কাছ থেকে মুচলেকা নেওয়া হয় এবং নাবালিকা প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।
সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক ও তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাতক্ষীরা জেলা বাল্যবিবাহ নিরোধ কমিটির সদস্য মোহাম্মদ সাকিবুর রহমানের অভিযোগের ভিত্তিতে দ্রুত অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপজেলা প্রশাসনের পাশাপাশি মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা, কিশোর-কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটার, প্রশিক্ষক এবং সংশ্লিষ্ট কর্মসূচির প্রতিনিধিরা অংশ নেন।

