যশোর প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ড দিয়ে বাড়ি বাড়ি বেকারত্বকে উৎসাহ দিচ্ছে সরকার। দেশকে উৎপাদনমুখী ও এগিয়ে নিতে এনসিপি নামের চারাগাছকে বৃক্ষে পরিণত করতে জনগণের সমর্থন প্রয়োজন। আমরা প্রতারণা করব না।”
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অভয়নগর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী শাহজাহান কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় হাসনাত আব্দুল্লাহ বলেন, ভোট বিক্রির মাধ্যমে দেশের মানুষ নিজেদের গোলামির শৃঙ্খলে আবদ্ধ করে ফেলছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। জনগণ সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগ করলে জনপ্রতিনিধিরা জনগণের সেবক হিসেবে কাজ করতে বাধ্য হবে।
তিনি আরও বলেন, দেশের ৫১ শতাংশ নারীকে রাজনীতির বাইরে রেখে একটি সুষম ও উন্নত রাষ্ট্র গঠন সম্ভব নয়। তাই নারীদের রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় আরও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও সরওয়ার তুষার, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু, যুগ্ম সদস্য সচিব ও খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক, কেন্দ্রীয় সদস্য খালেদ সাইফুল্লাহ জুয়েল, ন্যাশনাল ইঞ্জিনিয়ার্স অ্যালায়েন্স অব বাংলাদেশের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক প্রকৌশলী ইরফান কাদির এবং যশোর জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মো. নুরুজ্জামান।
সভায় দলীয় নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

