মো. জিহাদুল ইসলাম, কালিয়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের নড়াগাতীতে জয়নগর ইউনিয়ন পরিষদের সদস্য মনি মিয়া শেখ হত্যাকাণ্ডে জড়িত চিহ্নিত আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।
শনিবার (২৫ জুলাই) সকাল ১১টায় নড়াগাতী থানার সামনে অনুষ্ঠিত মানববন্ধনে কয়েক শতাধিক মানুষ অংশ নেন। পরে তারা বিক্ষোভ মিছিল বের করে খুনিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আয়ুব হোসেন, নিহতের বড় ভাই পিরু শেখ, চাচাতো ভাই মনিরুল শেখ, স্ত্রী মনিকা বেগম, মেয়ে বৈশাখী, ভাইপো সেকেন্দার শেখ, ভাবি রিলিয়া বেগম, মো. ইকরাম শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা অভিযোগ করেন, গ্রামের আনসার জমাদ্দার ও সৈয়দ শেখ গ্রুপের অভিযুক্ত সদস্যরা এর আগেও একাধিক হত্যাকাণ্ডে জড়িত ছিল। বারবার জামিনে মুক্তি পেয়ে তারা পুনরায় অপরাধে জড়িয়ে পড়ছে বলেও দাবি করেন তারা। একই সঙ্গে আগামী তিন দিনের মধ্যে চিহ্নিত আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে পুটিমারি বাজার থেকে ওষুধ কিনে কয়েকজন সঙ্গীসহ বাড়ি ফিরছিলেন চরজয়নগর গ্রামের ইউপি সদস্য মনি মিয়া শেখ। পথে কামরুল ঠাকুরের বাড়ির সামনে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।
এ বিষয়ে নড়াগাতী থানার দায়িত্বপ্রাপ্ত সেকেন্ড অফিসার এসআই আশিস সরকার বলেন, “ঘটনার পর থেকেই পুলিশ আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যাচ্ছে। খুব শিগগিরই জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আমরা আশাবাদী।”

