মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুর উপজেলায় ফজরের নামাজ পড়াতে যাওয়ার পথে দুর্বৃত্তদের হামলায় আমানুল্লাহ (৫৫) নামে এক ইমাম গুরুতর আহত হয়েছেন। এ সময় তাকে রড দিয়ে পিটিয়ে তার ব্যবহৃত মোটরসাইকেল ছিনিয়ে নেওয়া হয়।
শনিবার (২৫ জুলাই) ভোরে উপজেলার হেলাঞ্চী গ্রামের খেদাপাড়া ইউনিয়ন পরিষদ ভবনের সামনে এ ঘটনা ঘটে।
আহত আমানুল্লাহ উপজেলার কৃষ্ণবাটি গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। তিনি হেলাঞ্চী বাজার জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ভোরে মোটরসাইকেলে করে ফজরের নামাজ পড়াতে হেলাঞ্চী বাজার মসজিদে যাচ্ছিলেন আমানুল্লাহ। পথে খেদাপাড়া ইউনিয়ন পরিষদ ভবনের সামনে পৌঁছালে একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে। পরে তাকে রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আলেক উদ্দিন জানান, আহত ব্যক্তির মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তার অবস্থা আগের তুলনায় কিছুটা উন্নতির দিকে।
খেদাপাড়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আহত ইমামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ বলেন, ছিনতাইকারীদের শনাক্ত এবং ছিনিয়ে নেওয়া মোটরসাইকেল উদ্ধারে পুলিশ কাজ করছে।

