Nabadhara
ঢাকারবিবার , ২৬ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

অধিভুক্ত কলেজগুলোতে সাইবার সিকিউরিটি ক্লাব গঠনের ঘোষণা জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসির

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
জুলাই ২৬, ২০২৬ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

সাইবার অপরাধ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের সময়োপযোগী জ্ঞান অর্জনের লক্ষ্যে সারাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে সাইবার সিকিউরিটি ক্লাব গঠনের ঘোষণা দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

রোববার (২৬ জুলাই) রাজধানীর লালমাটিয়া সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত “Staying Safe Online: Protect Yourself from Cybercrimes” শীর্ষক সচেতনতামূলক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। এ সময় তিনি লালমাটিয়া সরকারি মহিলা কলেজে সাইবার সিকিউরিটি ক্লাবের উদ্বোধনও করেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেনসিক সায়েন্স অ্যান্ড সাইবার সিকিউরিটির উদ্যোগে আয়োজিত এ সেমিনারে ভিসি বলেন, বর্তমান বিশ্বে প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে সাইবার অপরাধও বহুমাত্রিক রূপ ধারণ করেছে। অনলাইন প্রতারণা, তথ্য চুরি, পরিচয় জালিয়াতি, আর্থিক প্রতারণা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার ব্যক্তি ও সমাজের জন্য নতুন ধরনের ঝুঁকি তৈরি করছে। তাই প্রযুক্তির ব্যবহার যত বাড়ছে, সাইবার সচেতনতার গুরুত্বও তত বৃদ্ধি পাচ্ছে।

তিনি বলেন, একটি দেশের ডিজিটাল অগ্রগতি তখনই অর্থবহ হয়, যখন নাগরিকরা নিরাপদ ও দায়িত্বশীলভাবে প্রযুক্তি ব্যবহার করতে সক্ষম হন। বিশেষ করে তরুণ শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি সাইবার নৈতিকতা, তথ্যের নিরাপত্তা এবং ডিজিটাল আচরণবিধি সম্পর্কে সম্যক ধারণা থাকা জরুরি। সচেতনতার অভাবেই অধিকাংশ মানুষ সাইবার অপরাধের শিকার হন।

ড. আমানুল্লাহ আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত সাইবার সচেতনতা বিষয়ক সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে হবে। প্রযুক্তির সুফল কাজে লাগাতে হলে সাইবার নিরাপত্তা নিশ্চিত করার কোনো বিকল্প নেই।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আহ্বান জানিয়ে বলেন, অনলাইনে ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে সতর্ক থাকতে হবে, অচেনা লিংক বা বার্তায় সাড়া দেওয়া থেকে বিরত থাকতে হবে এবং শক্তিশালী পাসওয়ার্ড ও দ্বি-স্তরবিশিষ্ট নিরাপত্তা (Two-Factor Authentication) ব্যবহার নিশ্চিত করতে হবে। একটি সচেতন প্রজন্মই সাইবার অপরাধমুক্ত ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখতে পারে।

লালমাটিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতানা মাহমুদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন।

সেমিনারে সাইবার নিরাপত্তা বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা এবং বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজের পরিচালক (প্রশিক্ষণ) মো. মাহবুবুল আলম, পিপিএম।

স্বাগত বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেনসিক সায়েন্স অ্যান্ড সাইবার সিকিউরিটির প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ বিন কাশেম। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাইবার সিকিউরিটি ক্লাবের সভাপতি মো. মহিবুল হাসান এবং সম্পাদক মো. দেলোয়ার হোসেন সামী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।