তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন। পরিদর্শনকালে কর্মস্থলে অনুপস্থিত এক চিকিৎসক ও এক নৈশপ্রহরীর বিরুদ্ধে শোকজ ও সাময়িক বরখাস্তের নির্দেশ দেন তিনি। পাশাপাশি হাসপাতাল থেকে চুরি হওয়া এসি দ্রুত ফেরত আনারও নির্দেশনা দেন।
রোববার (২৬ জুলাই) বেলা ১১টার দিকে স্বাস্থ্যমন্ত্রী তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ, অপারেশন থিয়েটার, এক্স-রে বিভাগ, রান্নাঘর ও খাদ্যের মান এবং সামগ্রিক পরিবেশ ঘুরে দেখেন। এছাড়া বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার খোঁজখবর নেন।
পরিদর্শনকালে কর্মস্থলে অনুপস্থিত থাকায় চিকিৎসক ডা. সাওলী নানজিবা তন্নী এবং নৈশপ্রহরী মো. মস্তোফা কামালের বিরুদ্ধে শোকজ ও সাময়িক বরখাস্তের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। একই সঙ্গে হাসপাতাল থেকে চুরি হওয়া এসি উদ্ধার করে ফেরত আনার নির্দেশও প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান, আরএমও ফয়সাল আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান এবং কেন্দ্রীয় ছাত্রদল নেতা মারুফ হোসেনসহ অন্যরা।
পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “স্বাস্থ্য খাতে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। দায়িত্বে অবহেলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, সরকার দেশের হাসপাতালগুলোর চিকিৎসাসেবার মানোন্নয়নে কাজ করছে। উপজেলা হাসপাতালগুলোকে আরও আধুনিক ও কার্যকর করতে শয্যাসংখ্যা বৃদ্ধি, নারী রোগীদের জন্য নারী চিকিৎসকের ব্যবস্থা, ব্রেস্ট কর্নার, ফিজিওথেরাপি সেন্টার, ট্রমা সেন্টার এবং অপারেশন থিয়েটারের সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

