কটিয়াদী(কিশোরগঞ্জ) প্রতিনিধি
আগামী ১৬ আগস্ট জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদী সফরে আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে রোববার (২৬ জুলাই) অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম।
পরিদর্শনকালে তাঁদের সঙ্গে ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন, কিশোরগঞ্জ-১ (হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, মৎস্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রতিনিধিদল আচমিতা ইউনিয়নের চারিপাড়া সরকারি মৎস্য হ্যাচারি, জালালপুর ইউনিয়নের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ‘জিয়ার কাটা খাল’, মসুয়া ইউনিয়নের বেতাল ডুবি, কটিয়াদী সরকারি ডিগ্রি কলেজের খেলার মাঠ এবং আচমিতা জর্জ ইনস্টিটিউশনের মাঠ পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় কটিয়াদী সরকারি ডিগ্রি কলেজ মাঠের কাদাযুক্ত পরিবেশ নিয়ে প্রতিমন্ত্রীদ্বয় অসন্তোষ প্রকাশ করেন। তবে এ বিষয়ে সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়া হয়নি।
স্থানীয় নেতারা জানান, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে কটিয়াদীজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনের পাশাপাশি তিনি একটি বৃহৎ জনসভায় ভাষণ দিতে পারেন বলেও তাঁদের প্রত্যাশা।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মৎস্য খাতে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ের পুরস্কার প্রদান করবেন। এছাড়া উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করার কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরকে কেন্দ্র করে প্রশাসন, মৎস্য বিভাগ ও স্থানীয় নেতাকর্মীরা প্রস্তুতি জোরদার করেছেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অনুষ্ঠান সফল করতে বিভিন্ন দপ্তর সমন্বিতভাবে কাজ করছে।

