Nabadhara
ঢাকাসোমবার , ২৭ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ভিডিও ভাইরাল, জড়িতদের শনাক্তে পুলিশের অভিযান

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
জুলাই ২৭, ২০২৬ ৯:১১ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

গাজীপুর মহানগরের ন্যাশনাল পার্ক এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ব্যানারে অনুষ্ঠিত একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

শনিবার (২৫ জুলাই) অনুষ্ঠিত ওই মিছিলের ভিডিও রোববার (২৬ জুলাই) বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

ভাইরাল ভিডিওতে বহন করা ব্যানারে ‘সুলতান মোঃ সিরাজুল ইসলাম, সভাপতি, গাজীপুর জেলা ছাত্রলীগ’ লেখা দেখা যায়। তবে স্থানীয় একাধিক সূত্রের দাবি, গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সুলতান মো. সিরাজুল ইসলাম বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। এছাড়া স্থানীয়দের ভাষ্যমতে, মিছিলে শ্রীপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সোহাগ সরকার নেতৃত্ব দিয়েছেন বলে জানা গেছে। তবে এসব তথ্যের সত্যতা যাচাই করছে পুলিশ।

গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, “মিছিলের ভিডিও আমাদের নজরে এসেছে। প্রাথমিকভাবে জানা গেছে, জেলার বিভিন্ন এলাকা থেকে কিছু ব্যক্তি এসে আকস্মিকভাবে মিছিল করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ভিডিও ফুটেজ, স্থিরচিত্র ও অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অংশগ্রহণকারীদের পরিচয় শনাক্তের কাজ চলছে।”

তিনি আরও বলেন, “যারা এই মিছিলে অংশ নিয়েছে বা এর সঙ্গে সম্পৃক্ত রয়েছে, তাদের কাউকেই আইনের আওতার বাইরে রাখা হবে না। পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার বলেন, “এ ঘটনায় জিএমপির কাছে আগে থেকে কোনো নির্দিষ্ট গোয়েন্দা তথ্য ছিল না। জেলা পুলিশের কাছে এ-সংক্রান্ত তথ্য ছিল বলে আমরা জেনেছি। তারা ধারণা করেছিল মিছিলটি তাদের অধিক্ষেত্রেই অনুষ্ঠিত হবে। কিন্তু বিষয়টি আমাদের সঙ্গে সমন্বয় করা হয়নি। এর সুযোগ নিয়ে মিছিলকারীরা জিএমপির অধিক্ষেত্রে প্রবেশ করে মাত্র এক থেকে দেড় মিনিটের একটি ঝটিকা মিছিল করে। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে প্রচারণার চেষ্টা চালানো হয়।”

তিনি আরও জানান, “ঘটনার পরপরই বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ভিডিও ফুটেজ, সিসিটিভি এবং অন্যান্য গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে মিছিলে অংশগ্রহণকারী ও নেপথ্যে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হচ্ছে। তাদের কাউকেই আইনের আওতার বাইরে রাখা হবে না। এ ধরনের নিষিদ্ধ কার্যক্রম প্রতিরোধে জেলা পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় আরও জোরদার করা হবে।”

পুলিশ সূত্রে জানা গেছে, ভাইরাল ভিডিও, সিসিটিভি ফুটেজ এবং গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে মিছিলে অংশগ্রহণকারী ও আয়োজকদের পরিচয় নিশ্চিতের কাজ চলছে। তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।