আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সমাজসেবা কার্যালয়ে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার (২৬ জুলাই) ভোরে সংঘটিত এ ঘটনায় উপজেলা সমাজসেবা কর্মকর্তার কক্ষের জানালার গ্লাস ভেঙে ফেলা হয়। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সমাজসেবা বিভাগ।
সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগের জন্য রোববার সকাল ১০টায় উপজেলা মিনি কনফারেন্স রুমে আবেদনকারীদের বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. মোহাম্মদ মাহবুব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে আবেদন জমা দেওয়ার সময়সীমা ২৮ জুলাই পর্যন্ত বাড়ানো হলে পূর্বনির্ধারিত বাছাই কার্যক্রম স্থগিত করা হয়।
এর মধ্যে ভোরের কোনো একসময় দুর্বৃত্তরা সমাজসেবা কার্যালয়ে প্রবেশ করে উপজেলা সমাজসেবা কর্মকর্তার কক্ষের জানালার গ্লাস ভাঙচুর করে পালিয়ে যায়। সকালে অফিসে এসে কর্মকর্তা-কর্মচারীরা বিষয়টি দেখতে পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন।
এদিকে, পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনেক আবেদনকারী সকালে কার্যালয়ে এসে ফিরে যান। আবার সময়সীমা বাড়ানোর সুযোগে নতুন করে অনেককে আবেদন জমা দিতেও দেখা যায়। ঘটনাটি নিয়োগ কার্যক্রমের সময়সূচি পরিবর্তনের সঙ্গে সম্পৃক্ত কি না—এ নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা থাকলেও প্রশাসন এমন কোনো সংশ্লিষ্টতা খুঁজে পায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত নূর মৌসুমি বলেন, “ভাঙচুরের ঘটনায় ফ্যামিলি কার্ড শুমারির আবেদনকারীদের কোনো সংশ্লিষ্টতা নেই। আবেদন গ্রহণের সময়সীমা বাড়িয়ে সমাজসেবা অধিদপ্তর থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। সেটি পাওয়ার পর সকাল ৮টার দিকে আমি বিষয়টি ফেসবুকে প্রকাশ করি। সমাজসেবা কর্মকর্তাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”
সমাজসেবা কার্যালয়ের নৈশপ্রহরী জাকির হোসেন জানান, রাতে তিনি নিয়মিত দায়িত্ব পালন করেন। ভোর সাড়ে ৬টার দিকে অফিস থেকে চলে যাওয়ার পর সকাল ৯টার দিকে অফিস সহকারী আজিজুর রহমান ফোন করে জানালার গ্লাস ভাঙচুরের বিষয়টি তাকে জানান।
অফিস সহকারী আজিজুর রহমান বলেন, “সকাল প্রায় ৮টা ৪৫ মিনিটে অফিসে এসে দেখি উপজেলা সমাজসেবা কর্মকর্তার কক্ষের জানালার গ্লাস ভাঙা। বিষয়টি সঙ্গে সঙ্গে কর্মকর্তাকে জানাই।”
উপজেলা সমাজসেবা কর্মকর্তা ঝুমুর সরকার বলেন, “অফিসে আসার আগেই জানতে পারি আমার কক্ষের জানালার গ্লাস ভাঙচুর করা হয়েছে। বিষয়টি জেলা সমাজসেবা কার্যালয়কে জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেলেই এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ফরিদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ এহিয়াতুজ্জামান বলেন, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

