নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর লাখো শিক্ষার্থীর আন্তর্জাতিক উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে জাতীয় বিশ্ববিদ্যালয় ও আইডিপি এডুকেশন বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকালে রাজধানীর গুলশানে আইডিপি এডুকেশন বাংলাদেশের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ এবং আইডিপি এডুকেশন বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন কান্ট্রি ডিরেক্টর রাজিব মাহবুবুল।
অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে আরও উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ, ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক রাজ বিন কাসেম, কমিউনিকেশন এক্সপার্ট গৌতম বড়ুয়া, মাল্টি-ল্যাঙ্গুয়েজ লার্নিং ইনস্টিটিউটের কো-অর্ডিনেটর মো. সাইফুল ইসলাম শাহীন এবং বিজনেস স্টাডিজ অনুষদের চেয়ারম্যান শেখ মুজাহিদুল ইসলাম।
আইডিপি এডুকেশন বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন হেড অব আইইএলটিএস অপারেশনস ইলোরা শাহাব শর্মি, অস্ট্রেলিয়া সরকারের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশনের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ডিরেক্টর মোস্তাফিজুর রহমান, স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স ম্যানেজার মমেনুর রহমান মইন, হেড অব মার্কেটিং মোহাম্মদ শিহাব তালুকদার এবং হেড অব সেলস অ্যান্ড অপারেশন আনোয়ার হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।
সমঝোতা স্মারকের মূল উদ্দেশ্য হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশ্বমানের উচ্চশিক্ষা, আন্তর্জাতিক প্ল্যাটফর্মে প্রবেশের সুযোগ এবং বৈশ্বিক ক্যারিয়ার গঠনে সহায়তা করা। এ চুক্তির আওতায় আইডিপি বাংলাদেশ বিদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি-সংক্রান্ত তথ্য, স্কলারশিপ বিষয়ে পরামর্শ, উচ্চশিক্ষার সঠিক দিকনির্দেশনা এবং আইইএলটিএস (IELTS) প্রস্তুতি ও পরীক্ষা-সংক্রান্ত সার্বিক সহযোগিতা প্রদান করবে।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, “আমাদের শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম করে তুলতে এবং তাদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে এই সমঝোতা স্মারক একটি সময়োপযোগী উদ্যোগ। আইডিপি এডুকেশনের সঙ্গে এই অংশীদারিত্ব শিক্ষার্থীদের আন্তর্জাতিক উচ্চশিক্ষার ক্ষেত্রে কার্যকর দিকনির্দেশনা দেবে।”
আইডিপি এডুকেশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রাজিব মাহবুবুল বলেন, “বিশ্বজুড়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে আইডিপি ৫০ বছরেরও বেশি সময় ধরে কাজ করছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশাল শিক্ষার্থী গোষ্ঠীর সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমরা আনন্দিত। এই উদ্যোগ তরুণদের আন্তর্জাতিক শিক্ষাজীবন ও ক্যারিয়ার গঠনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।”
সমঝোতা স্মারকের আওতায় জাতীয় বিশ্ববিদ্যালয় ও আইডিপি বাংলাদেশ যৌথভাবে বিভিন্ন সেমিনার, কর্মশালা, শিক্ষা মেলা এবং আইইএলটিএসবিষয়ক সচেতনতামূলক সেশনের আয়োজন করবে, যা শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও আন্তর্জাতিক উচ্চশিক্ষার প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

