আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ২০২৬-২০২৭ এর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) বিকেল ৩টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুণ্ডুর সভাপতিত্বে সভায় সদস্য সচিব হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ। এছাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমান, একাডেমিক সুপারভাইজার মো. হাসানুজ্জামান, মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক এবং জোনভিত্তিক প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।
সভায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, ভলিবল, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট, সাঁতার ও টেবিল টেনিস—এই ১০টি ইভেন্টে ১২ থেকে ১৪ বছর বয়সী প্রতিযোগীদের অংশগ্রহণ নিশ্চিত করতে আগামী ৩১ আগস্ট পর্যন্ত নিবন্ধন কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারণার জন্য ড্রপ-ডাউন ব্যানার টানানো, ক্রীড়া কমিটি গঠন, প্রাইম মিনিস্টার গোল্ডকাপ আয়োজন, শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী কমিটি গঠন, ‘আমার সংস্কৃতি, আমার অহংকার’ কর্মসূচি, পাঠ্যক্রমিক ও সাংস্কৃতিক কার্যক্রম জোরদার এবং বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

