নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের ঘটনায় পুলিশ ও বিএনপির স্থানীয় নেতাদের বিরুদ্ধে নির্লিপ্ততা এবং যোগসাজশের অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার (২৭ জুলাই) বিকেলে গাজীপুর মহানগরের বরকত সরণীতে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন এনসিপি নেতা অ্যাডভোকেট আলী নাসের খান।
তিনি দাবি করেন, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা প্রকাশ্যে মিছিল করলেও পুলিশ কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। তার অভিযোগ, গাছা থানা আওয়ামী লীগ নেতা আব্দুর রহিমকে দু’বার গ্রেপ্তারের পরও ছেড়ে দেওয়া হয়েছে।
আলী নাসের খান বলেন, ২১ মে থেকে ২৬ জুলাই পর্যন্ত গাজীপুরের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের একাধিক ঝটিকা মিছিল হয়েছে। এসব কর্মসূচির বিষয়ে পুলিশকে আগাম তথ্য দেওয়া হলেও মিছিল প্রতিরোধ বা আয়োজকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের কিছু নেতার সঙ্গে পুলিশের পাশাপাশি বিএনপির স্থানীয় নেতাদেরও যোগসাজশ রয়েছে। তার ভাষ্য, আওয়ামী লীগের কিছু নেতাকে পুনর্বাসনের চেষ্টা চলছে এবং এর মাধ্যমে বিরোধী রাজনৈতিক দল ও সাধারণ মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের দ্রুত গ্রেপ্তার, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত, জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের বিচার এবং গাজীপুরে সাম্প্রতিক ঘটনাগুলোর প্রেক্ষিতে পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে গাজীপুরে গোয়েন্দা তৎপরতা জোরদার এবং প্রশাসনিক পুনর্বিন্যাসের আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে গাজীপুর মহানগর যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম তারেক, জাতীয় কৃষকশক্তির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান খোকন, মহানগর যুবশক্তির যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম মাস্টার, গাছা থানা যুবশক্তির আহ্বায়ক আবু বকর সিদ্দিকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

