বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. কামাল হোসেন মুফতিকে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা, পরিত্যক্ত ভবন এবং শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের শৃঙ্খলা-২ শাখা থেকে ২৬ জুলাই ২০২৬ তারিখে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য সেবা বিভাগের সচিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, গত ২৫ জুলাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আকস্মিকভাবে মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। পরিদর্শনকালে হাসপাতালটিতে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা, পরিত্যক্ত ভবন এবং শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এসব কারণে সরকারি স্বাস্থ্যসেবার মান ও সুনাম ক্ষুণ্ন হচ্ছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারা অনুযায়ী বিভাগীয় কার্যধারা চলাকালে অভিযোগের গুরুত্ব, দায়িত্বে বহাল থাকলে তদন্তে প্রভাব বিস্তারের আশঙ্কা এবং জনস্বার্থ বিবেচনায় ডা. কামাল হোসেন মুফতিকে প্রজ্ঞাপনের তারিখ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।
মন্ত্রণালয় জানিয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। প্রজ্ঞাপনটি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, বাগেরহাটের সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে। একই সঙ্গে এটি পরবর্তী গেজেটে প্রকাশ এবং স্বাস্থ্য সেবা বিভাগের ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, এর আগে রোববার রাতে মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে ডা. কামাল হোসেন মুফতির ব্যক্তিগত ক্লিনিক সিলগালা করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, এর কিছুদিন আগে হাসপাতালের অনিয়মের তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের বাধা দেওয়া হয় এবং তাদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ওঠে। বিষয়টি নিয়েও এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

