Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার হিসেবে যোগদান করলেন অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
জুলাই ২৮, ২০২৬ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে উপাচার্য (ভাইস-চ্যান্সেলর) প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

যোগদান উপলক্ষে উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ নবনিযুক্ত ট্রেজারারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনসহ বিভিন্ন দপ্তরের পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, ২৭ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে তার নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২-এর ১৪(১) ও ১৪(২) ধারা অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়।

অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে বিবিএ ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরে তিনি জাপানের কিউশু বিশ্ববিদ্যালয় থেকে ‘ইনফরমেশন সায়েন্স ফর বিজনেস’ বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

তার গবেষণার প্রধান ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে বিগ ডেটা, মেশিন লার্নিং, ব্যবসায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ভোক্তা আচরণ এবং মার্কেটিং। দেশি-বিদেশি স্বনামধন্য জার্নালে তার প্রায় ৩০টি গবেষণা প্রবন্ধ এবং দুটি বইয়ের অধ্যায় (বুক চ্যাপ্টার) প্রকাশিত হয়েছে।

কর্পোরেট জগৎ ও একাডেমিক শিক্ষার মধ্যে সেতুবন্ধন গড়ে তোলার লক্ষ্যে তিনি ‘ঢাকা ইউনিভার্সিটি মার্কেটিং ক্লাব (DUMarC)’ প্রতিষ্ঠা করেন এবং বর্তমানে এর প্রতিষ্ঠাতা মডারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া অস্ট্রিয়া, জার্মানি, সিঙ্গাপুর, পোল্যান্ড, মালয়েশিয়া, চীন, জাপান, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক সেমিনার ও সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে তিনি একাডেমিক ও গবেষণা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।