Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ হিসেবে যোগদান করলেন অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
জুলাই ২৮, ২০২৬ ৭:৪০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) নবনিযুক্ত কোষাধ্যক্ষ (ট্রেজারার) হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। মঙ্গলবার (২৮ জুলাই) বাউবির গাজীপুরস্থ মূল ক্যাম্পাসে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। নবনিযুক্ত কোষাধ্যক্ষকে স্বাগত জানিয়ে তিনি বলেন, “বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। তাঁর দীর্ঘ একাডেমিক ও প্রশাসনিক অভিজ্ঞতা বিশ্ববিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনা, সুশাসন, স্বচ্ছতা এবং উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।”

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার টি এম আহমেদ হুসেইন, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে সহকারী সচিব মো. সুলতান আহমেদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলামের নিয়োগের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনক্রমে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২-এর ১৫(১) ধারা অনুযায়ী তাঁকে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, তিনি যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ—যেটি আগে হবে, সেই সময় পর্যন্ত দায়িত্ব পালন করবেন। এ ছাড়া তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।

অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের গ্রেড-২ অধ্যাপক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে প্রথম শ্রেণিতে বি.কম (অনার্স) ও এম.কম ডিগ্রি অর্জন করেন। পরে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউদার্ন কুইন্সল্যান্ড থেকে এমবিএ এবং মালয়েশিয়ার ইউনিভার্সিটি উতারা মালয়েশিয়া (UUM) থেকে রিলেশনশিপ মার্কেটিং বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

দীর্ঘ শিক্ষকতা ও প্রশাসনিক জীবনে তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, দারুল ইহসান বিশ্ববিদ্যালয় এবং কুইন্স ইউনিভার্সিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রভাষক ও সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান, এমবিএ (ইভিনিং) প্রোগ্রামের পরিচালক এবং অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

গবেষণা ও একাডেমিক অঙ্গনে তিনি একজন সুপরিচিত গবেষক। রিলেশনশিপ মার্কেটিং, কনজিউমার বিহেভিয়ার, মাইক্রোফাইন্যান্স এবং স্ট্রাকচারাল ইকুয়েশন মডেলিং (SEM) তাঁর গবেষণার প্রধান ক্ষেত্র। দেশ-বিদেশের স্বনামধন্য জার্নালে তাঁর বহু গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিতে তিনি অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, মালদ্বীপ, সৌদি আরব ও ভারতসহ বিভিন্ন দেশ সফর করেছেন।

বিশ্ববিদ্যালয় পরিবার আশা প্রকাশ করেছে, অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলামের অভিজ্ঞতা ও নেতৃত্বে বাউবির আর্থিক ব্যবস্থাপনা, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।