নাদিম হায়দার,সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে সরকারি অনুমোদনবিহীন তিনটি রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধ বিলবোর্ড অপসারণ, দুই প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ৪ লাখ টাকা জরিমানা আদায় এবং প্রায় ২০ বছর ধরে বন্ধ থাকা একটি জনসাধারণের চলাচলের রাস্তা পুনরায় উন্মুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টা ৫০ মিনিট থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার কেয়াইন ইউনিয়নের লক্ষ্মীবিলাস গ্রামে এনএসআই, মুন্সীগঞ্জ জেলা এবং সিরাজদিখান উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সরকারি অনুমোদন ছাড়াই পরিচালিত সিলভার গ্রীন সিটি হাউসিং প্রকল্প, নাভানা রিয়েল এস্টেট কোম্পানি এবং প্রিন্স সিটি-এর অবৈধ বিজ্ঞাপনের বিলবোর্ড অপসারণ ও ভেঙে ফেলা হয়। একই সঙ্গে রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ২০ ধারায় সিলভার গ্রীন সিটি হাউসিং প্রকল্পকে ২ লাখ টাকা এবং নাভানা রিয়েল এস্টেট কোম্পানিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে স্থানীয় গ্রামবাসী ভ্রাম্যমাণ আদালতকে জানান, প্রায় ২০ বছর আগে সিলভার গ্রীন সিটি কর্তৃপক্ষ লোহার রেলিং স্থাপন করে লক্ষ্মীবিলাস গ্রামের একটি গুরুত্বপূর্ণ জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। এতে স্থানীয় বাসিন্দারা, বিশেষ করে মুসল্লিরা মসজিদে যাতায়াতসহ দৈনন্দিন চলাচলে দীর্ঘদিন দুর্ভোগ পোহান।
এনএসআইয়ের তথ্য ও প্রশাসনের উদ্যোগে অভিযানের সময় দীর্ঘদিন বন্ধ থাকা ওই রাস্তাটি জনসাধারণের চলাচলের জন্য পুনরায় উন্মুক্ত করা হয়।
রাস্তা চালু হওয়ায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করে প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন। বর্তমানে স্থানীয়রা স্বাভাবিকভাবে রাস্তাটি ব্যবহার করছেন।
অভিযান শেষে প্রশাসন জানায়, সার্বিক পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে। জনস্বার্থবিরোধী ও অনুমোদনবিহীন রিয়েল এস্টেট কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

