Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বারিতে কৃষি বিজ্ঞানীদের সঙ্গে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
জুলাই ২৮, ২০২৬ ৮:৩৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, সময়ের চাহিদা অনুযায়ী কৃষি গবেষণাকে আরও গতিশীল করতে হবে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিকূল আবহাওয়াসহ বিভিন্ন পরিবেশ উপযোগী নতুন জাত ও আধুনিক প্রযুক্তি উদ্ভাবনে বিজ্ঞানীদের বিশেষ গুরুত্ব দিতে হবে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে গাজীপুরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর কাজী বদরুদ্দোজা মিলনায়তনে অনুষ্ঠিত বিএআরআই, বিআরআরআই, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (জিএইউ), জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি (এনএটিএ), বীজ প্রত্যয়ন এজেন্সি (এসসিএ)সহ কৃষি-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের মতবিনিময় সভা এবং ‘বারির অভ্যন্তরীণ গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ই. মোহামেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বারির মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির। বারির গবেষণা কার্যক্রম ও সাফল্যের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষণা পরিচালক ড. ফারুক আহমেদ।

কর্মশালায় জানানো হয়, ২০২৫-২০২৬ অর্থবছরে পরিচালিত গবেষণা কার্যক্রমের মূল্যায়ন এবং সেই অভিজ্ঞতার ভিত্তিতে ২০২৬-২০২৭ অর্থবছরের গবেষণা কর্মসূচি প্রণয়নের লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

বারির বিজ্ঞানীরা এ পর্যন্ত বিভিন্ন ফসলের ৬৮১টি উচ্চ ফলনশীল (হাইব্রিডসহ), রোগ প্রতিরোধী ও প্রতিকূল পরিবেশ উপযোগী জাত এবং ৬৯২টি উৎপাদন প্রযুক্তিসহ মোট ১ হাজার ৩৭৩টি প্রযুক্তি উদ্ভাবন করেছেন। এসব প্রযুক্তির মাধ্যমে দেশে তেলবীজ, ডাল, আলু, সবজি, মসলা ও ফলের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের কার্যক্রম তুলে ধরেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জি কে এম মুস্তাফিজুর রহমান, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলাম, জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমির মহাপরিচালক মো. সাইফুল আজম খান এবং বীজ প্রত্যয়ন এজেন্সির পরিচালক ড. মো. সাইফুল আলম।

এ সময় বারির পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. রেশমা সুলতানা, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. হাবিব মোহাম্মদ নাসের, পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. নির্মল কুমার দত্ত, পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. কাওছার উদ্দিন আহাম্মদসহ কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিএডিসি এবং বিভিন্ন কৃষি গবেষণা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে বারির পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. মোশাররফ হোসেন মোল্লা অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।