ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দায় এক মানসিক ভারসাম্যহীন নারী ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। খবর পেয়ে মা ও নবজাতকের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। তাদের চিকিৎসা, নিরাপত্তা, থাকা-খাওয়াসহ সার্বিক দায়িত্ব গ্রহণের ঘোষণা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন।
সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার ফুলসূতী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মানসিক ভারসাম্যহীন ওই নারী দীর্ঘদিন ধরে ফুলসূতী বাজার ও আশপাশের এলাকায় ঘুরে বেড়াতেন। বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা নিয়মিত তাকে খাবার ও প্রয়োজনীয় সহায়তা দিতেন। সোমবার সন্ধ্যায় হঠাৎ তার প্রসববেদনা শুরু হলে স্থানীয়দের সহযোগিতায় বাজারেই তিনি একটি কন্যাসন্তানের জন্ম দেন।
শিশুটির জন্মের পরপরই স্থানীয়রা মা ও নবজাতককে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে মা ও শিশু দুজনই সুস্থ রয়েছেন।
খবর পেয়ে হাসপাতালে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আল ফাহাদ এবং নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ। তারা মা ও নবজাতকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
নগরকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইফতেখার আজাদ জানান, মা ও নবজাতক বর্তমানে সুস্থ আছেন। চিকিৎসক ও নার্সরা তাদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন।
ইউএনও রেজওয়ানা আফরিন বলেন, “বিষয়টি জানতে পেরে দ্রুত মা ও শিশুটিকে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেছি। তারা সুস্থ আছে দেখে ভালো লাগছে। একটি নতুন প্রাণের আগমন আমাদের জন্য আনন্দের বিষয়।”
তিনি আরও জানান, পরিচয় শনাক্ত না হওয়া পর্যন্ত মা ও নবজাতকের চিকিৎসা, থাকা-খাওয়াসহ প্রয়োজনীয় সব ব্যয় সরকার বহন করবে। পরবর্তীতে পরিচয় নিশ্চিত হলে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে স্বজনদের কাছে তাদের হস্তান্তরের ব্যবস্থা করা হবে।

