দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র পৃথক অভিযানে প্রায় ১২ লাখ টাকা মূল্যের মাদক ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সময় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সদর কোম্পানির একটি টহল দল ভেড়ামারা উপজেলার বহলবাড়িয়া এলাকায় রূপপুর থেকে কুষ্টিয়াগামী একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালায়।
এ সময় সিএনজিচালক মো. জহুরুল হক (৪৫)-কে ৬৯ পিস ট্যাপেনটাডল ট্যাবলেটসহ আটক করা হয়। পাশাপাশি একটি সিএনজি অটোরিকশা ও নগদ ৭৮০ টাকা জব্দ করা হয়।
অপরদিকে, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে রংমহল বিওপির টহল দল রংমহল মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৭ বোতল ভারতীয় মদ এবং ১ হাজার ৫৪০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করে।
বিজিবি জানায়, পৃথক অভিযানে উদ্ধার হওয়া মাদক ও মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১১ লাখ ৯৩ হাজার ৯৮০ টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও অন্যান্য চোরাচালান প্রতিরোধ এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে তাদের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

