ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান জানিয়েছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
রোববার (২ আগস্ট) দুপুরে ফরিদপুর সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন এমপি চৌধুরী নায়াব ইউসুফ। এ সময় ফিতা কেটে, বেলুন ও পায়রা উড়িয়ে মেলার আনুষ্ঠানিক সূচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “পাঁচ বছরে ৫ কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি নেওয়া হয়েছে, এটি তারই অংশ। আজ ফরিদপুর সদরে এ কার্যক্রম শুরু হলো। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে জেলার সব ইউনিয়ন ও ওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।”
ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিশকাতুল জান্নাত রাবেয়া, বিভাগীয় বন কর্মকর্তা তরিকুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পরে অতিথিরা বৃক্ষমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

