কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সুশৃঙ্খল জীবনযাপন পছন্দ করতেন। স্কাউটস একটি সুশৃঙ্খল সংগঠন হওয়ায় তিনি স্কাউটসদের খুবই পছন্দ করতেন। তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও স্কাউটস কার্যক্রমকে গুরুত্ব দেন।
শনিবার (১ আগস্ট) দিবাগত রাতে গোপালগঞ্জের কোটালীপাড়া সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন মাঠে তিন দিনব্যাপী ১০ম উপজেলা স্কাউটস সমাবেশের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসএম জিলানী বলেন, এ ধরনের সমাবেশের মাধ্যমে স্কাউট সদস্যদের নৈতিকতা, শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও দেশপ্রেমের শিক্ষা দেওয়া হয়। প্রতি বছর এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতেও স্কাউটসের কার্যক্রমে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি এসএম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিয়ার হাওলাদার, শিক্ষক হিমাংশু কুমার পান্ডে এবং ইদ্রিসুর রহমান।
এর আগে কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের মধ্য লখন্ডা গ্রামের রাধাগোবিন্দ মন্দিরে আয়োজিত এক ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এসএম জিলানী।
সেখানে তিনি সাবেক আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেন, গত ১৭ বছরে ব্যাপক দুর্নীতি ও অর্থপাচার হয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। কৃষি ঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বিতরণসহ বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, পর্যায়ক্রমে সরকারের দেওয়া সব প্রতিশ্রুতিই বাস্তবায়ন করা হবে।

