সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে দীর্ঘদিন কারাভোগ শেষে মুক্তিপ্রাপ্ত পাঁচ বন্দির পুনর্বাসনের লক্ষ্যে সেলাই মেশিন, ব্যাটারিচালিত ভ্যানগাড়ি ও শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (২ আগস্ট) সকালে বাগেরহাট জেলা কারাগারের প্রধান ফটকে জেলা সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় জেলা প্রবেশন অফিস এবং জেলা অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির উদ্যোগে এসব সহায়তা প্রদান করা হয়।
পুনর্বাসন কর্মসূচির আওতায় মোংলা উপজেলার জালাল শেখকে একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ি এবং কচুয়া উপজেলার আকলিমা বেগম, মোরেলগঞ্জ উপজেলার লাইলী বেগম, চিতলমারী উপজেলার আয়েশা আক্তার ও চম্পা রানী পালকে একটি করে সেলাই মেশিন দেওয়া হয়। এছাড়া তাদের হাতে শুকনো খাদ্যসামগ্রীও তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা কারাগারের জেলার মুহাম্মদ আবু সাদ্দাত, জেলা প্রবেশন কর্মকর্তা শেখ সহিদুর রহমান, সমাজসেবা অধিদপ্তর, জেলা কারাগার এবং জেলা অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির সংশ্লিষ্ট কর্মকর্তারা।
২৩ বছর কারাভোগের পর মুক্তি পাওয়া জালাল শেখ বলেন, “মুক্তির পর একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ি পেয়েছি। এটি চালিয়ে সৎভাবে জীবিকা নির্বাহ করতে পারব। এজন্য সংশ্লিষ্ট সবার প্রতি আমি কৃতজ্ঞ।”
২৬ বছর কারাভোগ শেষে মুক্তি পাওয়া আকলিমা বেগম বলেন, “কারাগারে থাকাকালে দর্জির কাজ শিখেছি। মুক্তির পর একটি সেলাই মেশিন পেয়েছি। এটি দিয়ে সৎভাবে কাজ করে জীবিকা নির্বাহ করতে পারব।”
জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, “পাপকে ঘৃণা করতে হবে, পাপীকে নয়। সাজাভোগ শেষে মুক্তিপ্রাপ্ত ব্যক্তিদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে পুনর্বাসন কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
আয়োজকরা জানান, মুক্তিপ্রাপ্ত বন্দিদের স্বাবলম্বী করে সমাজে পুনঃপ্রতিষ্ঠিত করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

