স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলার করফা গ্রামে পরকীয়ার সন্দেহে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্বামী জসিম শেখের বিরুদ্ধে। ঘটনার পর তিনি নিজেই লোহাগড়া থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন।
রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা গ্রামে এ ঘটনা ঘটে। আহত জেসমিন বেগম (৩২) করফা গ্রামের ছিদ্দিক মীরের মেয়ে এবং একই গ্রামের জসিম শেখের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের একপর্যায়ে স্ত্রীকে পরকীয়ার অভিযোগে অভিযুক্ত করে জসিম শেখ হাতুড়ি দিয়ে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে জেসমিন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।
ঘটনার পরপরই অভিযুক্ত জসিম শেখ লোহাগড়া থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।
এ বিষয়ে লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, স্ত্রীকে হাতুড়ি দিয়ে আহত করার অভিযোগের পর জসিম শেখ থানায় আত্মসমর্পণ করেছেন। তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতে পাঠানো হবে।

