দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে কুষ্টিয়ার দৌলতপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল ও উপজেলা ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিক্ষোভ মিছিলটি দৌলতপুর উপজেলা পরিষদ বাজারে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দৌলতপুর থানা বাজারে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাশেদুল হক শামীম এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল। এতে উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ শীর্ষ রাজনৈতিক নেতাদের নিয়ে আপত্তিকর ও অশালীন বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার ও গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী। তারা ভবিষ্যতে এ ধরনের উস্কানিমূলক ও কুরুচিপূর্ণ বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, দেশের বরেণ্য রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দেওয়া কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে। একই সঙ্গে এ ধরনের বক্তব্যের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

