কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের কচুয়ায় পথচারী, শ্রমজীবী ও সাধারণ মানুষের জন্য বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা চালু করেছে উপজেলা প্রশাসন। রোববার (২ আগস্ট) এ সেবার উদ্বোধন করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী হাসান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গ্রীষ্মের তীব্র দাবদাহ এবং দৈনন্দিন প্রয়োজনে উপজেলা সদরে আসা পথচারী, দিনমজুর ও সাধারণ মানুষের সুপেয় পানির কষ্ট লাঘবের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্বোধনের পর থেকে নির্ধারিত স্থানে সাধারণ মানুষ সহজেই বিশুদ্ধ পানীয় জল সংগ্রহ ও পান করতে পারবেন।
উদ্বোধন শেষে ইউএনও মো. আলী হাসান বলেন, “সাধারণ পথচারী ও শ্রমজীবী মানুষ যেন সহজেই বিশুদ্ধ পানি পান করতে পারেন, সে লক্ষ্যেই এই ব্যবস্থা করা হয়েছে। জনস্বার্থে কচুয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা, পথচারী ও শ্রমজীবী মানুষ। তারা জনসেবামূলক এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

