কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
দুরারোগ্য ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের বাসিন্দা রপিয়া বেগম (৪৯) জীবন বাঁচাতে সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সহযোগিতা কামনা করেছেন। আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যেতে না পেরে মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন তার ছেলে রফিকুল ইসলাম।
রপিয়া বেগম কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের হরিচরণশর্মা গ্রামের কাজাইটারী ঈদগাঁ মাঠ এলাকার মৃত জয়নাল আবেদীনের স্ত্রী।
রফিকুল ইসলাম জানান, তাদের নিজস্ব কোনো জমিজমা নেই। পরিবারের সদস্যরা অন্যের জায়গায় বসবাস করেন। দুই বছর আগে তার বাবা মারা যাওয়ার পর মায়ের ক্যান্সার ধরা পড়ে। এরপর থেকে আত্মীয়-স্বজন ও গ্রামবাসীর সহযোগিতায় চিকিৎসা চালিয়ে আসলেও বর্তমানে অর্থাভাবে তা প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
তিনি বলেন, “আমাদের পক্ষে আর চিকিৎসার খরচ বহন করা সম্ভব হচ্ছে না। মায়ের জীবন বাঁচাতে সমাজের সামর্থ্যবান মানুষের সহযোগিতা প্রয়োজন। আপনাদের সামান্য সহায়তাই আমার মায়ের চিকিৎসায় বড় ভূমিকা রাখতে পারে।”
স্থানীয় বাসিন্দা মাহাবুর রহমান বলেন, ইতোমধ্যে রপিয়া বেগমের চিকিৎসায় প্রায় দেড় লাখ টাকা ব্যয় হয়েছে। কিন্তু সম্পূর্ণ চিকিৎসা শেষ করতে আরও অনেক অর্থ প্রয়োজন, যা পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। ফলে পরিবারটি চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছে।
পরিবার সূত্রে জানা গেছে, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নেওয়ার পর বর্তমানে ক্যান্সার বিশেষজ্ঞ ডা. মনি রানীর তত্ত্বাবধানে তিনি বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিয়মিত কেমোথেরাপি, রেডিওথেরাপিসহ ধারাবাহিক চিকিৎসা গ্রহণ করলে সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর জন্য প্রয়োজন বিপুল অর্থ।
এ অবস্থায় রপিয়া বেগমের চিকিৎসার জন্য দেশের বিত্তবান ও মানবিক মানুষের সহযোগিতা কামনা করেছেন তার পরিবার ও স্থানীয়রা।

