সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার মহম্মদপুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ কন্দ, রাসায়নিক সার, কীটনাশক ও বীজ সংরক্ষণের ড্রাম বিতরণ করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা পীযূষ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেতবতী মিস্ত্রী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরার অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) প্রকাশ চন্দ্র সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুব্রত সেন বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মো. মৈমুর আলী মৃধা, কাজী সালিমুল হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইউনুস আলী সরদার, প্রেসক্লাব মহম্মদপুরের ভারপ্রাপ্ত সভাপতি মেহেদী হাসান পলাশ এবং সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা। এছাড়াও কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও প্রণোদনাপ্রাপ্ত কৃষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা পীযূষ রায় বলেন, “গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে কৃষকদের নিজস্বভাবে বীজ উৎপাদন ও মানসম্মত উপায়ে সংরক্ষণে উৎসাহিত করতেই এ প্রণোদনা দেওয়া হচ্ছে। এর ফলে কৃষকদের বীজের জন্য অন্য কোনো প্রতিষ্ঠান বা বিএডিসির ওপর নির্ভরশীলতা কমে আসবে।”
কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে নির্বাচিত ৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেককে ১৬০ কেজি (৪ মণ) পেঁয়াজ কন্দ, ২০ কেজি ডিএপি সার, ২০ কেজি এমওপি সার, ১ কেজি কীটনাশক এবং একটি করে বীজ সংরক্ষণ ড্রাম বিনামূল্যে প্রদান করা হয়েছে।
বিতরণ শেষে অতিথিরা কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি অনুসরণ করে সরবরাহকৃত উপকরণের সঠিক ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে অধিক ফলন অর্জনের আহ্বান জানান।

