আনিস সুমন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নে পৃথক দুটি দুর্ঘটনায় এক গৃহবধূ ও এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) উপজেলার ধুমঘাট এলাকার মটেরচক ও শীলতলা গ্রামে এসব ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর আনুমানিক ১টার দিকে ধুমঘাট এলাকার মটেরচক গ্রামে বাড়ির পাশের জমিতে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে খায়রুন্নেছা (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়। তিনি ওই গ্রামের আব্দুল আজিজ গাজীর স্ত্রী।
নিহতের স্বজন ও স্থানীয় ইউপি সদস্য মো. আবুল কালাম জানান, খায়রুন্নেছা বাড়ির পাশের ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতের শিকার হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অপরদিকে, একই দিন সকাল আনুমানিক ১০টার দিকে ধুমঘাট এলাকার শীলতলা গ্রামে পুকুরের পানিতে ডুবে কৃষ্ণপদ বৈদ্য (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়। তিনি ওই গ্রামের মৃত নারায়ণ বৈদ্যের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে চাষাবাদের কাজে মাঠে যাওয়ার পথে অসাবধানতাবশত রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যান কৃষ্ণপদ বৈদ্য। দীর্ঘক্ষণ তাকে খুঁজে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাফিউল পাটোয়ারী পৃথক দুটি মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এছাড়া পানিতে ডুবে কৃষকের মৃত্যুর ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

