কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের তালুকশাহাবাজ গ্রামের গাজীরহাট জোড়া দিঘিরপাড় সংলগ্ন সেতুর মুখে জমে থাকা কচুরিপানা অপসারণ করেছে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। এ উদ্যোগে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের পথ তৈরি হওয়ায় তিন গ্রামের আমন চাষিদের মধ্যে স্বস্তি ফিরেছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন কাউনিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি। এ সময় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান, বালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, ওয়ার্ড বিএনপির সভাপতি ইউনুস আলী, সাধারণ সম্পাদক শাহিনুর আলম এবং উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সেতুর মুখ কচুরিপানায় আটকে থাকায় পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছিল। ফলে আশপাশের তিনটি গ্রামের আবাদি জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং চলতি আমন মৌসুমে অনেক কৃষক সময়মতো ধানের চারা রোপণ করতে পারেননি।
স্থানীয় কৃষকরা জানান, জমিতে দীর্ঘদিন পানি জমে থাকায় আমনের চারা রোপণে বিলম্ব হয়েছে। এতে ফলন কমে যাওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছিল।
বালাপাড়া ইউনিয়ন বিএনপির সহ-কোষাধ্যক্ষ ও দপ্তরে নিযুক্ত ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ বলেন, স্থানীয় কৃষকদের দুর্ভোগের বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর উপজেলা বিএনপি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কচুরিপানা অপসারণের উদ্যোগ নেয়। পানি নিষ্কাশন স্বাভাবিক হলে জলাবদ্ধতা কমবে এবং কৃষকরা নির্বিঘ্নে আমন চাষাবাদ করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
এদিকে, স্থানীয় কৃষকরা জলাবদ্ধতার স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট খাল ও পানি নিষ্কাশন ব্যবস্থার নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং প্রয়োজনীয় সংস্কারের দাবি জানিয়েছেন।

