ওমর ফারুক,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলাম রেজুর আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় আত্রাই উপজেলার ৮ নম্বর হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে বান্দাইখাড়া বাজারে হুদামীরের দ্বিতল ভবনের নিচতলায় এ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আকরাম হোসেন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদের ১ নম্বর সদস্য মো. রেজাউল নবী তালুকদার।
এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এস. এম. সাজ্জাদ হোসেন তোতা, সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন তরফদার ও মো. ময়েনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মহসিন আলী বাদল, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সিদ্দিকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভাপতির বক্তব্যে আকরাম হোসেন সরদার বলেন, “সংসদ সদস্য মো. রেজাউল ইসলাম রেজু আমাদের অভিভাবক এবং আত্রাই-রাণীনগরের মানুষের আস্থার প্রতীক। তাঁর অসুস্থতায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। মহান আল্লাহর কাছে প্রার্থনা, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবার জনগণের সেবায় ফিরে আসতে পারেন।”
আলোচনা সভা শেষে এমপি মো. রেজাউল ইসলাম রেজুর আশু রোগমুক্তি, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন।

