Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৬ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার পাড় ধসে নদীতে পড়ে ৫ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান অব্যাহত

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
আগস্ট ৬, ২০২৬ ১০:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পদ্মা নদীর পাড় ধসে নদীতে পড়ে নুরিয়া খাতুন (৫) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। একই ঘটনায় নদীতে পড়ে যাওয়া জামিলা খাতুন নামে আরেক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) দুপুরে উপজেলার মরিচা ইউনিয়নের ভূরকাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ নুরিয়া খাতুন স্থানীয় আশিক শেখের মেয়ে। উদ্ধার হওয়া জামিলা খাতুন স্থানীয় ইজাজুল মণ্ডলের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, পদ্মা নদীর ভাঙনরোধে জিও ব্যাগ ফেলার কাজ চলছিল। এ সময় দুই শিশু জিও ব্যাগের ওপর বসে খেলছিল। হঠাৎ নদীর পাড় ধসে জিও ব্যাগসহ তারা নদীতে পড়ে যায়। জামিলা নিজেই কোনোমতে তীরে উঠে এলেও নুরিয়া পদ্মার প্রবল স্রোতে তলিয়ে যায়।

পরে জামিলা কান্নাকাটি করে স্থানীয়দের ঘটনাটি জানালে এলাকাবাসী দ্রুত নদীর আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত নুরিয়ার কোনো সন্ধান মেলেনি।

খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিস, ঈশ্বরদী নৌ পুলিশ এবং দৌলতপুর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেন। নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধারকাজে কিছুটা বেগ পেতে হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, পদ্মার পাড় ধসে দুই শিশু নদীতে পড়ে যায়। এর মধ্যে একজনকে উদ্ধার করা সম্ভব হলেও নুরিয়া খাতুন এখনো নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে পুলিশ, ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ সমন্বিতভাবে কাজ করছে।

ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ শরিফুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। পদ্মায় প্রবল স্রোত থাকায় শিশুটি ভেসে অন্যত্র চলে যেতে পারে। তারপরও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।