অশোক মুখার্জি,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় গৃহহীন, প্রতিবন্ধী, দুস্থ, অসহায়, অসুস্থ ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ সহায়তার চেক বিতরণ করা হয়েছে। জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে ৫৭ জন উপকারভোগীর মাঝে মোট ৫ লাখ ৭০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে চেক তুলে দেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ এবিএম মোশাররফ হোসেন এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরাফাত হোসেন, উপজেলা প্রকৌশলী মো. মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজন।
অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম জানান, জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ৫৭ জন উপকারভোগীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৫ লাখ ৭০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। তিনি বলেন, এ সহায়তা অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

