রাজশাহী প্রতিনিধি
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পুরোনো বৈদ্যুতিক তার অনুমতি ছাড়াই সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক ঠিকাদারের বিরুদ্ধে। ঘটনাটি ধরা পড়লে তিনি নিজের মোটরসাইকেল ঘটনাস্থলে রেখে পালিয়ে যান। পরে পুলিশ মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটলেও বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি।
হাসপাতাল সূত্রে জানা যায়, অভিযুক্ত ঠিকাদার রবিউল ইসলাম মুন্না হাসপাতালের পুরোনো বৈদ্যুতিক তার সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। বিষয়টি নজরে আসার পর কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে কিছু তার উদ্ধার করে। তবে অভিযুক্ত পালিয়ে যেতে সক্ষম হন। পালিয়ে যাওয়ার সময় তিনি তার ব্যবহৃত মোটরসাইকেলটি ঘটনাস্থলেই ফেলে যান।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, পরিত্যক্ত অবস্থায় একটি মোটরসাইকেল উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।
অভিযুক্ত রবিউল ইসলাম মুন্নার সঙ্গে যোগাযোগের জন্য তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ বলেন, হাসপাতালে মাঝেমধ্যেই চুরির ঘটনা ঘটছে। বুধবার দুপুরেও শাটারিংয়ের মালামাল চুরির অভিযোগে একজনকে আটক করে মামলা করা হয়েছে। তবে বৈদ্যুতিক তার সরিয়ে নেওয়ার অভিযোগের বিষয়টি তার জানা ছিল না। তিনি বলেন, বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

