দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা বাজারের দীর্ঘদিনের বেহাল প্রধান সড়ক সংস্কার ও প্রশস্তকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। ২৪ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লা।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে নির্মাণকাজের উদ্বোধন করেন।
সওজ সূত্রে জানা যায়, বর্তমানে ১৮ ফুট প্রশস্ত সড়কটি ২৪ ফুটে উন্নীত করা হবে। পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে সড়কের দুই পাশে আধুনিক ড্রেন নির্মাণ করা হবে। আগামী সপ্তাহে কাজ শুরু হয়ে ৯ মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
দীর্ঘদিন ধরে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের আল্লারদর্গা বাজার এলাকার প্রায় দুই কিলোমিটার অংশ খানাখন্দে ভরে যাওয়ায় সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে চলাচল ব্যাহত হতো এবং প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটত। এছাড়া যানজটের কারণে যাত্রী ও পণ্যবাহী যানবাহনকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো।
স্থানীয় বাসিন্দারা জানান, বহুদিনের দাবির পর সড়কটির সংস্কার কাজ শুরু হওয়ায় তারা স্বস্তি ফিরে পেয়েছেন। দ্রুত কাজ শেষ হলে যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশা প্রকাশ করেন।
সওজের কুষ্টিয়া বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মঞ্জুরুল করিম বলেন, “আল্লারদর্গা বাজার সড়ক সংস্কারের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ২৪ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে সড়কটি প্রশস্তকরণ ও ড্রেন নির্মাণের কাজ আগামী সপ্তাহে শুরু হবে এবং নির্ধারিত ৯ মাসের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।”
উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত এ সড়কের উন্নয়নে জনগণের দাবি ছিল। সেই দাবির বাস্তবায়নে নির্মাণকাজ শুরু হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়নকাজ শেষ করে জনগণের দুর্ভোগ লাঘব করা হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শের আলী, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিএনপির নেতাকর্মীরা।

