নওগাঁ প্রতিনিধি
গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, ভূতুড়ে বিদ্যুৎ বিল এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির প্রতিবাদে সাত দফা দাবিতে নওগাঁয় স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্য।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা ১১টার দিকে নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের নেতারা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন। জেলা প্রশাসক স্মারকলিপি গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারি আ স ম সায়েম, আমার বাংলাদেশ পার্টির জেলা আহ্বায়ক কাজী আতিকুর রহমান, এনসিপির জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক দেওয়ান মাহবুব আল হাসান সোহাগ, এলডিপির জেলা সাধারণ সম্পাদক শাহেন শাহ, জাগপার জেলা সদস্য সচিব আসাদুজ্জামান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নাসির উদ্দিন, নওগাঁ সদর উপজেলা জামায়াতের আমির আব্দুর রহিমসহ বিভিন্ন দলের নেতারা।
স্মারকলিপিতে বলা হয়, দেশের সাধারণ মানুষ বর্তমানে চরম অর্থনৈতিক চাপ ও জনদুর্ভোগের মধ্যে রয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রা ব্যয়বহুল হয়ে উঠেছে। গ্যাস সংকটের কারণে শিল্প-কারখানা, কৃষি ও বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। দীর্ঘস্থায়ী লোডশেডিং শিক্ষা, স্বাস্থ্যসেবা ও ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলছে। পাশাপাশি বিদ্যুতের মূল্য বৃদ্ধি ও ভূতুড়ে বিল এবং নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।
স্মারকলিপিতে সাত দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে— গ্যাস সংকট নিরসনে জরুরি ও টেকসই পদক্ষেপ গ্রহণ, লোডশেডিং বন্ধ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, বিদ্যুতের অযৌক্তিক মূল্যবৃদ্ধি প্রত্যাহার, ভূতুড়ে বিল বন্ধ ও ক্ষতিগ্রস্ত গ্রাহকদের প্রতিকার, নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে কার্যকর তদারকি, বাজার সিন্ডিকেট ও মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং জীবনযাত্রার ব্যয় সহনীয় রাখতে জবাবদিহিমূলক কর্মপরিকল্পনা গ্রহণ।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, স্মারকলিপিটি গ্রহণ করা হয়েছে। এটি যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

