কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বাজারে সরকারি খাসজমি ও আদালতের স্থিতাবস্থার আদেশ উপেক্ষা করে পাকা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাচার মৌজার বিএস ১২৫২ নম্বর দাগে বাজারের মধ্যস্থ একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। জলিল সওদাগরের স্ত্রী সুফিয়া বেগম দাবি করেন, ওই জমির এক শতক তাদের দখলীয় সম্পত্তি। স্বামীর অনুপস্থিতিতে জমিতে অনধিকার প্রবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে তিনি চাঁদপুরের একটি আদালতে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে জমির ওপর স্থিতাবস্থা (স্ট্যাটাস কো) বজায় রাখার নির্দেশ দেন।
বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, পাশের দোকানদার শফিউল্লাহ ওই জমিতে পাকা ভবন নির্মাণ করছেন।
এ বিষয়ে শফিউল্লাহ বলেন, তিনি খলিলের স্ত্রী সেলিনা বেগমের কাছ থেকে জমিটি ক্রয় করেছেন।
তবে ভূমি অফিস সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট জমিটি সরকারি খাস খতিয়ানভুক্ত। জমিটি একসময় লিজ দেওয়া হলেও ২০১৪ সালের ৩ সেপ্টেম্বর সেই লিজ বাতিল করা হয়। বর্তমানে জমিটি আদালতের স্থিতাবস্থার আওতায় রয়েছে।
সাচার ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তা একরামুল হক বলেন, “জমিটি আদালতের স্থিতাবস্থার আদেশাধীন রয়েছে। আদালতের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত সেখানে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করা যাবে না।”
বিবাদমান জমির দুই পাশের দোকানদার ইব্রাহিম, খলিল ও লিটন জানান, দীর্ঘদিন ধরে সুফিয়া বেগম ওই জমি ভোগদখলে রেখে ভাড়া দিয়ে আসছিলেন।
এদিকে, আদালতের স্থিতাবস্থা থাকা সত্ত্বেও ভবন নির্মাণের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

