Nabadhara
ঢাকাশুক্রবার , ৭ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টানা বর্ষণে বিপর্যস্ত ঢাকা-বরিশাল মহাসড়ক, দুর্ভোগে যাত্রীরা

Link Copied!

গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

টানা কয়েক সপ্তাহের বর্ষণে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বারখ্যাত ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের গৌরনদী অংশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ। কোথাও পিচ-পাথর উঠে গিয়ে উঁচু-নিচু হয়ে গেছে সড়ক, আবার কোথাও সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত। এতে ব্যস্ততম এই মহাসড়কে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এবং চরম দুর্ভোগ পোহাচ্ছেন দক্ষিণাঞ্চলগামী যাত্রীরা।

শুক্রবার (৭ আগস্ট) সকালে গৌরনদী উপজেলার ভুরঘাটা বাসস্ট্যান্ড থেকে উজিরপুর সীমান্ত পর্যন্ত প্রায় ২২ কিলোমিটার সড়ক ঘুরে দেখা যায়, মহাসড়কের বিভিন্ন স্থানে অসংখ্য ছোট-বড় গর্ত তৈরি হয়েছে। বিশেষ করে গৌরনদী ও টরকী বাসস্ট্যান্ড এলাকায় সড়কের মাঝখানে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে।

সড়ক ও জনপথ বিভাগ বিভিন্ন স্থানে ইট দিয়ে গর্ত ভরাটের চেষ্টা করছে। তবে ভারী যানবাহন চলাচলের কারণে কিছুদিনের মধ্যেই ইট ভেঙে গুঁড়ো হয়ে ধুলোর সৃষ্টি হচ্ছে। এতে ছোট যানবাহনের চালক ও পথচারীরা আরও ভোগান্তিতে পড়ছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক দিনের টানা বর্ষণে মহাসড়কের অবস্থা আরও খারাপ হয়েছে। সড়কের এমন কোনো অংশ নেই, যেখানে ছোট-বড় গর্ত বা উঁচু-নিচু অংশ তৈরি হয়নি। সম্প্রতি মহাসড়কের যেসব অংশ প্রশস্ত করা হয়েছে, সেগুলোর কোথাও কোথাও মূল সড়কের সঙ্গে উচ্চতার তারতম্য রয়েছে। আবার কিছু স্থানে সড়কের দুই পাশ কেটে রাখা হয়েছে। সরু সড়ক, খানাখন্দ, বেপরোয়া গতি ও চালকদের অসুস্থ প্রতিযোগিতার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে বলেও অভিযোগ স্থানীয়দের।

একাধিক যানবাহন চালক জানান, মহাসড়কের কোথাও খানাখন্দ, আবার কোথাও ঢেউয়ের মতো উঁচু-নিচু হয়ে রয়েছে। এসব স্থান দিয়ে যানবাহন চলাচলের সময় চাকা গর্তে পড়ে ইঞ্জিন, টায়ার ও টিউব ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি যাত্রীদেরও প্রচণ্ড ঝাঁকুনির মধ্যে চলাচল করতে হচ্ছে।

 

তারা দ্রুত মহাসড়কের ক্ষতিগ্রস্ত অংশগুলো সংস্কারের দাবি জানিয়েছেন।

গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান বলেন, মহাসড়কের বিভিন্ন অংশ ছোট-বড় গর্তে ভরে গেছে। মূল সড়কের সঙ্গে বর্ধিত অংশের উচ্চতার তারতম্য থাকায় তুলনামূলক সরু অংশ দিয়ে অনেক যানবাহন অতিরিক্ত গতিতে চলাচল করে। এ ছাড়া মহাসড়কে চলাচলকারী থ্রি-হুইলারগুলো অনেক সময় বর্ধিত অংশ ব্যবহার না করে মূল সড়ক দিয়ে চলাচল করে। ফলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

তিনি বলেন, মহাসড়কটি সম্পূর্ণভাবে বর্ধিত অংশসহ সংস্কার করা এবং চালকদের সচেতন করা গেলে দুর্ঘটনা অনেকটাই কমে আসবে।

বরিশাল সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. শাহিন খান বলেন, ভারী বর্ষণের কারণে মহাসড়কের বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। সেগুলো মেরামতের কাজ চলছে। তবে বৃষ্টির কারণে মেরামত করা অংশগুলো টেকসই হচ্ছে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।