গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রিপন রায় (৪৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (৭ আগস্ট) দুপুর আনুমানিক ৩টার দিকে উপজেলার খঞ্জাপুর এলাকায় মৃধা বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন রায় বরিশাল জেলার এয়ারপোর্ট থানার কাশিপুরের ইছাকাঠী কলোনির মৃত পিটার রায়ের ছেলে।
গৌরনদী হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে রিপন রায় একটি ডিসকভার মোটরসাইকেল (ঢাকা মেট্রো-হ-৬৬-৫৪১০) নিয়ে ঢাকা অভিমুখে যাচ্ছিলেন। খঞ্জাপুর এলাকায় পৌঁছালে দ্রুতগতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় তিনি মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
খবর পেয়ে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় রিপন রায়কে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

