স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইল সদর উপজেলার প্রাচীনতম দত্তপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রবেশপথের রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল দশায় পরিণত হয়েছে। সামান্য বৃষ্টি হলেই কাদা-পানিতে সড়কের খানা-খন্দ ভরে যায়। এতে চরম ভোগান্তিতে পড়ছেন বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা। ব্যাহত হচ্ছে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রমও।
বিদ্যালয়ের শিক্ষার্থী শামিমা ও জুয়েল মিয়া জানান, নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়ক থেকে নেমে এই সড়ক দিয়েই বিদ্যালয়ে যেতে হয়। দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না হওয়ায় বর্ষা মৌসুমে কাদা-পানিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে শিক্ষার্থীদের বইপত্র, স্কুলের ইউনিফর্ম ও জুতা নষ্ট হওয়া নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। অনেক সময় পোশাক কাদায় নষ্ট হয়ে যাওয়ায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে না গিয়ে মাঝপথ থেকেই বাড়ি ফিরে যেতে হয়।
দত্তপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইকবাল হোসেন বলেন, বর্ষাকালে রাস্তাটি পুরোপুরি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। প্রতিদিন দূর-দূরান্ত থেকে প্রায় ৫০০ শিক্ষার্থী এবং ২৫ জন শিক্ষক-কর্মচারী ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে আসেন। রাস্তাটির এমন অবস্থার কারণে অনেক অভিভাবক সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে অনীহা প্রকাশ করেন। এতে শিক্ষার্থীদের উপস্থিতি ও পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু বলেন, গ্রামের কোমলমতি শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসে প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছে। প্রশাসনের যথাযথ নজরদারির অভাবে দীর্ঘদিন ধরে রাস্তাটি অবহেলিত রয়েছে। শিক্ষার্থীদের স্বার্থে রাস্তাটি অগ্রাধিকার ভিত্তিতে সংস্কারের জন্য প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।
এ বিষয়ে নড়াইল এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরদার ইকরামুল কবীর শনিবার (৮ আগস্ট) সকালে বলেন, “রাস্তাটির বেহাল দশার কথা জেনেছি। অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়দের দাবি, শিক্ষার্থীদের দুর্ভোগ ও শিক্ষা কার্যক্রমের স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে দ্রুত রাস্তাটি সংস্কার করা হোক।

