অশোক মুখার্জী, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মা ও এসএসসি পরীক্ষার্থী মেয়েকে প্রতিবেশীদের মারধরের অভিযোগ উঠেছে। হামলায় হাওয়া বেগম ও তার মেয়ে ফারজানা বেগম গুরুতর আহত হয়েছেন। ফারজানা চম্পাপুর এম ইউ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। হামলায় তার বাম হাতের কনিষ্ঠ আঙুল ভেঙে গেছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
শনিবার (৮ আগস্ট) সকালে উপজেলার চম্পাপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্বজনরা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন।
আহত হাওয়া বেগম ও তার মেয়ে ফারজানার অভিযোগ, ১১ বছর বয়সী স্কুলছাত্র রবিউলকে ‘মন্দ’ বলার কারণ জানতে চাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী জামাল হাওলাদার, সোহেল হাওলাদার, নেছা বেগম, খাদিজা ও সুখী তাদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালান।
তাদের অভিযোগ, হামলাকারীরা হাওয়া বেগমকে মাটিতে ফেলে শরীরের বিভিন্ন স্থানে মারধর করেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ও কালো দাগের সৃষ্টি হয়েছে। মাকে মারধরের হাত থেকে রক্ষা করতে মেয়ে ফারজানা এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। এ সময় তার বাম হাতের কনিষ্ঠ আঙুল ভেঙে যায় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
আহতদের পরিবার জানিয়েছে, ঘটনার বিষয়ে তারা আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
অভিযোগের বিষয়ে জামাল হাওলাদারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. ইলিয়াস তালুকদার বলেন, “বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আহতদের স্বজনরা।

