মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামে কৃষিজমি খুঁড়ে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু ও পাঁচটি খালি ল্যান্ডমাইনের বক্স উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে উদ্ধার হওয়া বস্তুগুলো প্রকৃত ল্যান্ডমাইন কি না এবং সেগুলো সক্রিয় নাকি নিষ্ক্রিয়—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
শনিবার (৮ আগস্ট) দুপুরে উপজেলার বেতবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গ্রামের মৃত আবুল মালিথার ছেলে কাঁদো মালিথা নিজের জমিতে কৃষিকাজ করছিলেন। একপর্যায়ে মাটির নিচে ধাতব আকৃতির কয়েকটি বস্তু দেখতে পান তিনি। পরে ওই স্থানে আরও খোঁড়াখুঁড়ি করলে একে একে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু ও পাঁচটি খালি বক্স পাওয়া যায়।
বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন। পরে খবর দেওয়া হয় গাংনী থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাটি নিরাপদ রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয় এবং স্থানীয়দের ঘটনাস্থল থেকে দূরে থাকার পরামর্শ দেয়।
গাংনী থানার ওসি (তদন্ত) শিমুল বিশ্বাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া বস্তুগুলোর প্রকৃতি ও কার্যকারিতা পরীক্ষা করতে বোমা ডিসপোজাল ইউনিটকে জানানো হয়েছে। পরীক্ষার পরই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এরপর আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে জমি থেকে ল্যান্ডমাইন সদৃশ এসব বস্তু উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে কৌতূহলের পাশাপাশি আতঙ্কও দেখা দিয়েছে। এগুলো কীভাবে ওই জমির মাটির নিচে এলো এবং এর সঙ্গে কোনো পুরোনো ঘটনার সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

