চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবখালী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক তিনজন কথিত বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি।
রোববার (৯ আগস্ট) রাত আনুমানিক ৩টা ১০ মিনিটের দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) অধীনস্থ মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে।
৫৮ বিজিবি সূত্রে জানা গেছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ৩২ ব্যাটালিয়নের মেটেরী ক্যাম্প সংলগ্ন সীমান্ত পিলার ৭০/২-এস এর কাছ দিয়ে একজন পুরুষ ও দুই নারীসহ মোট তিনজনকে ভারত থেকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়।
এ সময় মাধবখালী ও গয়েশপুর বিওপির বিজিবি টহলদল বিষয়টি বুঝতে পেরে ওই তিন ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। বিজিবির বাধার মুখে তারা বর্তমানে সীমান্তের কাঁটাতারের কাছে ভারতের অংশে অবস্থান করছেন বলে জানিয়েছে বিজিবি।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

