স্টাফ রিপোর্টার
বাগেরহাটের চিতলমারীতে ফ্যামিলি কার্ড খানাভিত্তিক তথ্যভান্ডারের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ পরীক্ষার ফলাফলে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি। একই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা রঞ্জন হালদার বিশ্বাসের অপসারণের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা।
রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং নিয়োগ পরীক্ষার ফলাফলে অনিয়মের অভিযোগ তুলে প্রতিবাদ জানান। পরে মিছিলটি উপজেলা পরিষদ চত্বরে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন বাগেরহাট-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী কপিল কৃষ্ণ মণ্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক, বিএনপি নেতা শিপন মুন্সি, জাহিদুর রহমান, শেখ নোয়াব আলী, যুবদলের আহ্বায়ক জাকারিয়া মিলন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নেয়ামত আলী খান ও কৃষক দলের সাধারণ সম্পাদক জবরুল শেখ।
বক্তারা অভিযোগ করে বলেন, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশে অনিয়ম করা হয়েছে। বিতর্কিত ব্যক্তিদের নাম তালিকায় প্রকাশ করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা।
তবে বিক্ষোভকারীদের অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি। তিনি জানান, ফ্যামিলি কার্ড খানাভিত্তিক তথ্যভান্ডারের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ পরীক্ষার ফলাফল শনিবার (৮ আগস্ট) স্থগিত করা হয়েছে।

